আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে নিবন্ধিত শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন—আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসহাব, প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন, সমন্বয়ক মো. মোস্তফা কামাল, সমন্বয়ক আল মুমিন, সদস্য শিল্পী আক্তার (সাওফা), সদস্য আসমাউল হুসনা (এলিজা) এবং সদস্য রাজিয়া সুলতানা (রথি)। তারা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এনটিআরসিএ নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম, জাতীয়করণ, বদলি ব্যবস্থাসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেছেন।
এনটিআরসিএ নিয়োগ বৈষম্যের অভিযোগ
শিক্ষক প্রতিনিধিরা বলেন, "আমরা যোগ্যতা থাকার পরও বছরের পর বছর চাকরির অপেক্ষায় রয়েছি। অথচ স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে কিছু ব্যক্তি আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। এটি মেধাবীদের প্রতি চরম অবিচার।"
জাতীয়করণ ও বদলি ব্যবস্থা নিয়ে আলোচনা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষকদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন, "বিষয়গুলো নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করা হবে।"
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠক নিবন্ধিত শিক্ষকদের জন্য কতটা কার্যকর হয়, সেটি এখন দেখার বিষয়। শিক্ষকরা দ্রুত সমস্যার সমাধান চান এবং মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে ন্যায্য নিয়োগ ও সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন।


Post a Comment